Bunohash Banner

অনাহুত আগমন।। রেবেকা টপি

আষাঢ়ের সন্ধ্যায় ক্লান্ত দিশেহারা
এক পথিকের অনাহুত আগমন,
আচমকা ক্ষুধাতুর মনটা মেঘের
রঙে হলো রঙিন।
ফেলে আসা সুখস্মৃতি জ্বলজ্বল
করছিলো চোখের পাতায়।

মেঘের মায়ায়,বেদনার ছায়ায়
সন্ধ্যাটা সেজেছিলো অমাবস্যার অন্ধকারে।
শুধাইনি কিছুই, কেনো এ অবেলায়
ফিরেছো মোর দ্বারে,
কেনো এক ঝাঁক দুঃখ ক্ষত বিক্ষত
করে মোরে বারে বারে?

সেই ক্ষণে মেঘমালার নীরব ক্রন্দন
সিক্ত করলো, ছুঁয়ে দিলো
হৃদয়ের ভীটা মাটি তৃষ্ণার্ত অঙ্গন।
আলেয়ার আলোর মিছে মায়ায়,
ভুলেছিলে এক আকাশ ভালোবাসা।
বিষবাষ্প হয়ে উড়ে চলা স্বপ্নীল মন
সুদূরের মায়ায় অলীক স্বপ্নে তবুও
খুঁজে ফেরে সুসময়ের নিঃশব্দ ডায়েরিটা।

পথিক ফিরেছে পথ হারাইয়া
হারাইয়া মিছে স্বপন,
আষাঢ়ে সন্ধ্যায় রিমিঝিম বর্ষায়
আকুতি মিলেছে তাই তো বোবা কান্নায়।
ধুয়ে যাক সব বেদনার রঙ,আজ হোক অভিসার,
মিলন মোহনায় চেনা সুর বেজে উঠুক বাহানায় বারবার।