Bunohash Banner

পাখির মতো রোদ্দুর।। তাহমিনা সুলতানা

 

পাখির  মতো  প্রখর রোদ্দুর যদি   মেলে দেয়  ওর ডানা-
তবে তার   স্মৃতি হয়তো রয়ে যায়  মনের নিভৃত  কোণে।
তোমাকে মনে না থাকলে রোদ্দুরের ডানা মেলার গল্পটা
আমার  মনেও আসেনা, আমিতো ভালোই থাকি,  তখন।

তখন আমার কিছুই লাগে না, রোদ,বৃষ্টি  -কোনটাই না
রোদের জন্য আমি জানালা খুলে দেই না ভুল বিকেলে
বর্ণীল কোন  স্বপ্ন  মেঘের মতো  দীর্ঘ ছায়া এঁকে দেয় না
রঙধনুর  সাত  রঙ আমি ভুলে থাকতে  পারি   বহুকাল
ক্ষয়ে পড়া  ঐ স্বপ্নেরা  বন্ধ ঘরে অন্ধ হয়ে চেয়ে  থাকে।

শুধু  আমার অসুবিধা হয় , যদি তোমাকে  মনে  পড়ে;
না পারি তোমাকে ভুলতে,না পারি নতুন স্বপ্নের জন্ম দিতে;
অযথা কাঁটাবিদ্ধ হৃৎপিণ্ড থেকে উঠে  আসে   দীর্ঘশ্বাস।