Bunohash Banner

ডুবে যাই বিষাদের স্রোতে।। রেবেকা টপি

আজকাল সমাজ সংসারে নিজেকে বড্ড বেশি বেমানান লাগে,
স্বার্থ ছাড়া সম্পর্কগুলোতে কোনো আন্তরিকতা খুঁজতে গিয়ে পার করি অযথা সময়।
শেষে ফিরে আসি নিরাশ হয়ে কেবলই নিজের বৃত্তে।

যে চলে গেলো না ফেরার পথে, নিশ্চিত গন্তব্যে,
রেখে গেলো সব মায়া, আরও কত ফলানো ফসল,
তার তরে করণীয় ভুলে,
শুরু হলো হিসেব আর দরকষাকষি।

হায়রে জীবন অনিশ্চিত স্রষ্টার বেঁধে দেওয়া সময়,
তবুও সঞ্চয়ের প্রতিযোগিতা জনে জনে।
ভাবিনা কালের স্রোতে ভেসে যাবে সম্পদের জঞ্জাল।

পিতা করে সঞ্চয় সন্তানের তরে,
সন্তান কর্তব্যে দেয় ফাঁকি।
অজস্র অজুহাত প্রস্তুত সদা পলে পলে।
সম্পদের পাহাড় যত হবে উঁচু,
মাতা পিতা খুশি তাতে, হোক না নিজের দূর্গতি।
মেনে নেয়, এটাই হয়তো নিয়তি।

সমাজে চলে মুখোশধারী শুভ্র সাদা হয়ে, করেনা নিজের বিচার।
এদের কী মৃত্যু হবে না,চিরস্থায়ী এদের সংসার?
শুধাই নিজেরে কেবল,বলতে পারিনা ব্যথা,
শুধুই ডুবে মরি বিষাদের স্রোতে।