Bunohash Banner

ছিলো একদিন।। বোরহানুল ইসলাম লিটন

৩০ জুন, ২০২৪

ছিলো এই পৃথিবীতে কোন একদিন
সিঁধেল ষোড়শী চোখ নয় নিরবধি,
শ্যামলা বিলের কাছে বলাকার ঋণ
প্রণয়ে যা নিশুতির বয়ে চলা নদী।

ছিলো এই পৃথিবীতে কোন এককালে
মায়াবী চাহনি অ’লা কুসুমেরই দিক,
রঙিলা ফাগুন বেঁধে তরণীর পালে
পথ পানে চেয়ে থাকা অধীর শালিক।

ছিলো এই পৃথিবীতে কোন একদিন
দোলিত ঘাসের বুকে ফড়িঙের সাড়া,
দখিনা সমীরে হয়ে হঠাৎই আসীন
সোনালি চিলের দেয়া ভুখা আশকারা।

ছিলো এই পৃথিবীতে কোন এককালে
পাখালির গানে জাগা সরলা সে হৃদ,
নতুন দিনের আশে গোধূলির ভালে
বেখেয়ালে জমে ওঠা সুফলা বারিদ।

(বুনোহাঁস-‘মেঘ মেদুর বরষা’ সংখ্যা)।