এসো হে বর্ষা।। শীলা প্রামাণিক
৩০ জুন, ২০২৪
হে বর্ষা তোমায় উদাত্ত আহ্বান
এসো হে বর্ষা নূপুর পায়ে রিম-ঝিমিয়ে উঠান পানে এসো।
গ্রীষ্মের তেজস্বী নীলাম্বর রণসাজ ধুয়ে দিতে
ঢালো শীতল জল
ক্লান্তিভরা দিবস বেলায় এসো তুমি বৃষ্টি খেলায়
ধৌত করো এ ধরার তৃষিত প্রাণ।
এসো তুমি বর্ষা এসো
তোমার ওই শীতল চরণ ছন্দে এসো।
তুমি এলেই কবি প্রেমে পড়বে
বারবার প্রেমে পড়বে।
এসো তুমি অনূঢ়া কিশোরীর লাবণ্যময় রূপ নিয়ে এসো
এসো রিমঝিম সুরে, এসো মুষলধারে।
এসো সকাল দুপুরে, এসো রাতের প্রহরে
এসো না হয় সাঁঝের বেলায়।
টিনের চালে ঝুম বৃষ্টি হয়ে এসো
এসো পদ্মফোটা বিকেল হয়ে এসো
এসো কদমময় সকাল হয়ে এসো
এসো তীব্র খরায় জমানো অভিমান কাটিয়ে
কত শত প্রতীক্ষার প্রহর শেষে
এসো তুমি আষাঢ়, এসো তুমি সবুজ বেশে
এসো তোমার নিজস্ব রূপে।
তুমি এলেই প্রকৃতি রূপসী হবে
বারবার প্রেমে পড়বে কবি।
তোমার আগমন কেবল ঝরঝর বরিষণ নয়
আষাঢ় তুমি পবিত্রতার বার্তা আনো বৃষ্টির ধারায়।
অবিরল বর্ষণে ভাসিয়ে দাও অসাম্য-বিভেদ,
অন্যায়-অবিচারের মহাকাল
ফিরে আনো সোনালি সকাল।
এসো হে বর্ষা এসো
এসো আষাঢ় এসো
এসো ছন্দে ছন্দে
এসো তোমার রিনিঝিনি চঞ্চল পায়ে এসো।
(বুনোহাঁস-‘মেঘ মেদুর বরষা’ সংখ্যা)।













