Bunohash Banner

কবিতার কাঁধে ভার ।। শীলা প্রামাণিক

কবিতার কাঁধে আমি আর কতটা ভার তুলে দেবো?
পৃথিবীতে যুদ্ধ বাঁধলে আমি কবিতার কাছে ছুটে যাই
অনাহারী মানুষের অধর খান খান হলে
আমি কবিতার কাছেই ছুটে যাই।

শীতার্ত মানুষের থর থর কম্পনে আমি কবিতাকে আশ্রয় করি
ঝড়-জলোচ্ছ্বাসে,
বানভাসি মানুষের আহাজারিতে আমি কবিতার কাছে হাত বাড়াই।

তোমাদের মানবিকতার অবক্ষয়ে,
মনুষ্যত্বের চরম বিপর্যয়ে
নৈতিকতা ভুলন্ঠিত হলে
আমি কবিতাকে খুঁজে বেড়াই।

কবিতা তো কেবল বৃষ্টির গান শুনতে ভালোবাসে
ভালোবাসে পাহাড়ী ঝরনার নির্ঝর বয়ে চলা
কবিতা রমণীর অন্ধকার চুলের গভীরে ডুব দিতে ভালোবাসে।
কবিতা চাঁদের নরম আলো
কবিতা প্রেয়সীর চোখের কাজল।

কবিতা শান্ত বিকেল
সকালের শিশির ভেজা ঘাস
কবিতা পদ্ম ফুলের হাসি, পুকুরের শীতল জল।
কবিতা ছাদ বাগানের টবে নয়নতারার আগমন
কবিতা আলতো উষ্ণ ছোঁয়া।

কবিতার কাঁধে কতটা ভার দিলে কবিতা আর কবিতা থাকে না
আমি তা জানি না বলেই কবিতার গলায় পরিয়ে দিই কণ্টকহার,
তবে কি আমার নষ্ট বিবেক নষ্ট হতে হতে মরে গেছে?