কোনো এক বর্ষায়।। রেবেকা টপি
১৫ জুলাই, ২০২৪
একদিন মেঘমালার হঠাৎ ক্রন্দন,
ভিজে যাবে প্রকৃতির তপ্ত উঠোন,
তুমি আমি ভিজবো কোনো এক নির্জনে,
সাথী হবে মেঠো পথ অজানা সেই বিজনে।
গাছের ভেজা পাতা,ধুয়ে যাওয়া শরীরের মৃদু গন্ধে সুবাসিত চারিধার।
নেই কোনো তাড়া ফিরবার তরে
সব কথা বলবার হবে অবসর।
তোমার ভেজা ঠোঁট, ভেজা চুল, ভেজা চোখের চাহনিতে
নেশাতুর প্রেমিকের হবে মতিভ্রম।
ক্ষমা করো মোর অপরাধ,
আজন্ম পুষে রাখবো হৃদয় অতলে
এ ভালোলাগার স্বাদ।
অভিমানী প্রিয়া মোর রেখো না লুকিয়ে অতৃপ্ত বাসনা,
চেয়ে দেখো ফুটন্ত কদম শাখে,
চেয়ে দেখো কৃষ্ণচূড়ার লাল অনুরাগে,
কত কথা যায় বলে,
যা আছে জমানো তোমার আমার ঘুমন্ত হৃদয় রাগে।
মেঘের কাছে আকুতি মোর
ধুয়ে দাও সব পুরানো ব্যথা,
মৃদু অভিসার হোক অনন্ত সুখস্মৃতি।
যে লগনে একদিন ফুটেছিল ফুল,
গন্ধ সুষমা বিলায়ে সে হারায়নি বিলকুল।
নব বর্ষার আলতো ছোঁয়ায় আবার জাগবে,
ফুটবে ফুল সেই চেনা শাখে।
আমারা গাঁথবো মালা ভুলে অভিমান
রিমিঝিমি বর্ষার শান্ত অনুরাগে।
(বাদল বরিষণে/বুনোহাঁস সপ্তম সংখ্যা)













