Bunohash Banner

চর জীবন।। নীলকণ্ঠ জয়

যে ঢেউয়ে ভেঙে পড়ে বালির চর
সে ঢেউ হয়তো কোনো হারিয়ে যাওয়া সান্ধ্যশব্দ,
ছেঁড়া পর্দায় হাওয়া লাগা এক রহস্যময় ভুল
যার মানে জানে ভরা জোয়ারের ক্ষতবিক্ষত কূল।
চর মানে অনড় কোনো নিশ্চয়তা নয়
চর মানে অস্থায়ী এক আশ্রয়,
যেখানে প্রতিটি ধূলিকণা টিকে থাকে দ্বিধার ঘোরে!
নিঃশব্দ কোনো সংশয়ের ঘ্রাণে।

সে ঢেউ পুরনো প্রেমপত্রের মতো হঠাৎ এসে
বদলে দেয় সময়ের মানচিত্র!

চরগুলো তখন গলে যায় আলাদা আলাদা পথ ধরে
কেউ স্রোতের সঙ্গে ভেসে চলে,
কেউ স্থবির থেকে যায় মৌন নোনা জলে
কেউ নিঃশব্দে মিশে যায় অতল নিঃসৃতিতে।
তবু নদীর বুকে থেকে যায়-
এক চিলতে অস্পষ্ট দোলা,
একটি অর্ধেক বলা নাম,
একটি বিলুপ্ত হয়েও ফিরে আসা রেখাচিত্র।

আর আমরা, গোধূলি শেষে
কাদামাটির ধূসর মঞ্চে দাঁড়িয়ে ভাবি-
ভাঙাগড়া নিয়েই আমাদের জীবন,
নিঃশব্দে বয়ে চলা সময়ের মৌন ব্যাকরণ!

#বাংলাকবিতা #কবিতা #কাব্য