Bunohash Banner

নান্দিকের শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ডেস্ক রিপোর্ট, যশোর

যশোরে নান্দিক চারুকলা চর্চা কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী নান্দিকের শিল্পকর্ম প্রদর্শনী। আজ (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় নান্দিক গ্যালারিতে প্রদর্শনীর সূচনা হয়। প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের প্রদর্শনীতে নান্দিকের ৪০ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রকৃতি, গ্রামবাংলা, মানুষ ও অনুভবের বহুবর্ণ রূপে সাজানো এসব শিল্পকর্ম দর্শকদের দৃষ্টি কাড়ে। প্রথম দিনেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিল্পানুরাগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নান্দিক প্রদর্শনী গ্যালারি

প্রদর্শনীর পাশাপাশি নান্দিক, যশোর আয়োজিত শিশু চিত্রাংকন উৎসবের পুরস্কার বিতরণী ও সদস্য শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী উপলক্ষে আজ বিকেলে এক আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যশোর আর্ট কলেজের মাননীয় অধ্যক্ষ মো: শামীম ইকবাল, শিল্পী–গবেষক–লেখক জনাব মফিজুর রহমান, সুরধূনী সঙ্গীত নিকেতনের সম্পাদক জনাব মাহমুদ হাসান বুলু, সুরবিতানের সম্পাদক বাসুদেব বিশ্বাস মহোদয়, চাঁদের হাটের সম্পাদক জনাব ফরাজি আহমেদ সৈয়দ বুলবুল, পোফ এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়ক জনাব হাসান রহমান, চারুতীর্থের সভাপতি কাজী এমদাদুল হক, বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, আফসানা জামান, শিল্পী সাদি তাইফ, নান্দিকের সদস্য শিল্পীগণ, শিশু শিল্পীরা ও সুধীজনেরা।

প্রদর্শনী ঘুরে নিজেদের অনুভূতি প্রকাশ করেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, ব্যাংক কর্মকর্তা অনিমেষ রায় এবং শিক্ষার্থী পরম। তাঁরা জানান, নান্দিকের এই আয়োজন যশোরের সাংস্কৃতিক পরিমণ্ডলে শিল্পচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করছে এবং দর্শকদের নান্দনিক অনুভূতিকে জাগিয়ে তুলছে।

চিত্রশিল্পীদের মধ্য থেকে শিল্পী তনুশ্রী তনু, ইকরা প্রিয়া ও সুপ্রিয়া বিশ্বাস তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই প্রদর্শনী শিল্পীদের সৃজনশীলতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে এবং পারস্পরিক শিল্পবিনিময়ের সুযোগ এনে দিয়েছে।

দর্শকদের বিশেষভাবে নজর কাড়ে এক্রেলিক মাধ্যমে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি, চিত্রশিল্পী এস. এম. সুলতানের পোর্ট্রেট, পাশাপাশি মনভূমি, আমার গ্রামসহ নানান বিষয়ের ওপর বিভিন্ন মাধ্যমে আঁকা চিত্রকর্ম। রঙ, রেখা ও ভাবনার বৈচিত্র্যে প্রদর্শনীটি দর্শকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।

নান্দিকের কর্ণধার কৃষি গৌতম অনুভূতি প্রকাশ করে জানান, এই আয়োজন শিল্পী ও শিল্পানুরাগীদের একত্রিত করার একটি প্রয়াস। তিনি সকলকে প্রদর্শনীতে এসে শিল্পকর্ম উপভোগ করার আহবান জানান।

নান্দিকের কর্ণধার কৃষি গৌতম


উল্লেখ্য, নান্দিক চারুকলা চর্চা কেন্দ্র, পোস্ট অফিস পাড়া, যশোরে অনুষ্ঠিত এই শিল্পকর্ম প্রদর্শনী আগামীকালও একই সময়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।