Bunohash Banner

বর্ষার বরিষণে।। বোরহানুল ইসলাম লিটন

১৫ জুলাই, ২০২৪

তা থৈ তা থৈ বৃষ্টি নাচে খালে।
এক পায়ে দাঁড় কানাবগি
আমন ধানের আলে।
চুপটি ফেলে শ্বাস –
সিক্ত শাখে কাক খুঁজে তার
ছন্দিত বিশ্বাস।

দাওয়ায় বসে দৃষ্টি চাঁছে চাষি।
পাত আরো চায় দোদুল দুলে
কদম কেয়ার হাসি।
মাচার তলে ব্যাঙ-
হাঁক ছাড়ে কেউ খুশির ঠ্যালায়
দু’দিক ছুঁড়ে ঠ্যাঙ।

হংস বাঁধে মাতাল বায়ুর গান।
ছাগ গো মোষের ভুখা মনে
নির্জলা আনচান।
ভাবনা পুষির অতি-
যায় ফের আসে মেঘের বেটি
কেনেই এ ভীমরতি!

(বাদল বরিষণে/বুনোহাঁস সপ্তম সংখ্যা)