Bunohash Banner

বাতাসে ভেসে বেড়ায় শব্দহীন দীর্ঘশ্বাস।।জিনাত খানম শিলা

জাগতিক জীবনের ব্যস্ততায় আবেগ
আর অনুভূতি গুলো চাপা পড়ে থাকে
রোদহীন স্যাঁতস্যাঁতে ঘুপচি ঘরে,
যেথায় নেই কোন জীবনের স্পন্দন,
তুমি ঠিক হয়ে পড়েছো সেরকম !
তোমার আবেগ আর অনুভূতিগুলো
মরে গেছে চলমান জীবনের চার দেয়ালের মাঝে
তোমাকে কেমন যেন অচেনা মনে হয় ,
সব কিছুতেই দায়সারা ভাব,
সেথায় মনের এতো টুকু ছোঁয়া নেই ,
ব্যস্ত তুমি তোমার আপন জগতে।
কিন্তু আমি পারিনি নিজেকে এতোটুকু পাল্টাতে,
কখনো কখনো এমন হয় আমার,
আবেগ আর অনুভূতিগুলো মনটাকে এতোটা আচ্ছন্ন করে ফেলে ,
তখন ভীষণ আবেগী হয়ে পড়ি
তোমাকে বড্ড বেশী মনে করিয়ে দেয়…!

আমি তখন চোখ বুজে তোমাকে স্পর্শ করি.!
বাতাসের গায়ে ভেসে বেড়ায় তোমার ঘ্রাণ ,
আমার পরিচিত শব্দগুলো আমার কানে কানে কথা বলে,
আজকাল ওরা ও অভিমান করতে শিখে গেছে ,।
তাই তো ,ওরা মুখ ঘুরিয়ে নেয়,
কবিতার খাতা থেকে জন্ম দেয় দীর্ঘশ্বাসের ,
হারিয়ে যায় শব্দের নিঃশব্দ আলাপন
অবসন্ন হয় আমার স্নায়ু !
মনের অজান্তেই অস্পষ্ট হাসি ঠোঁটের কোণে জেগে ওঠে….!

আমার ইচ্ছে গুলো তখন অদম্য আবেগে ঝড় তোলে ….!
আমি তখন বেসামাল হয়ে পড়ি, সামলাতে পারিনা নিজেকে,
তোমার শূন্যতায় কুঁকড়ে যাই বড্ড বেশী পেতে ইচ্ছে করে তোমায়,
ভাবনার উঠোনে পায়চারি করি ,
কষ্ট গুলো আজকাল মনের মাঝে জমে থাকে,
চোখের কোণে বেয়ে অশ্রু ঝরে ,
দীর্ঘশ্বাস গুলো ভেসে বেড়ায় শব্দহীন কথা হয়ে!
অতঃপর নিঃসঙ্গতার চাদরে ঢেকে ফেলি নিজেকে….!

আসলে সময় মানুষ কে অনেক কিছু শিখিয়ে দেয়…..
একা কি করে থাকতে হয়, এই যে সময়ের অবদান…

দিন শেষে সূর্যটা ও যেমন বুঝিয়ে দেয়
সময় শেষ হলে স্হান পরিবর্তন করে নিতে হয়.!
আকাশ টা ও কষ্ট পেলে ধূসর মেঘে ঢেকে দেয় নিজেকে
সূর্যটিও তাঁর উজ্জলতা হারায় আকাশের অভিমানে.কিন্তু…
দেখো আমি পারিনা নিজের মনটাকে শান্ত রাখতে
সে যে অস্থির হয়ে পড়ে—
অথচ তুমি তখন থাকো অন্য কোন ধ্যানে ,
আমার এই আবেগ অনুভূতিতে
তোমার কোন ভ্রক্ষেপ নেই,
তোমার হৃদয়ের গভীর জেগে উঠে অন্য কোন অনুরাগের ঢেউ।
জীবনের সকল রঙ -রূপ তাঁর ধ্যাণে !
প্রেমের বাঁধনে বাঁধা পড়ে যাও তুমি
আমি তখন জীবনের সীমান্তে দাঁড়িয়ে।
নিজেকে ধিক্কার জানাই…!