বিপ্লবী রণবীর।। মো. আবু রায়হান
সবুুজের বুকে রক্তিম লাল একটি পতাকা
ধমনীতে সদা আন্দলিত হয় আমার সোনার বাংলা,
প্রতি নিঃশ্বাসে আকাশে বাতাসে স্বপ্নের ঘুড়ি উড়ে
প্রতি ক্ষণে ক্ষণে কোটি প্রাণ-মনে ভালোবাসার সুর বুনে।
প্রতি ঘরে ঘরে বাংলা মায়ের দামাল ছেলের মেলা
হাসি খুশি মন স্বপ্নবিভোর প্রাণে প্রাণে দেয় দোলা,
যে সোনামুখের মধুর হাসিতে স্বপ্নবৃষ্টি ঝরে
কে তোরা শকুন পাঠাইলি তাদের বিভষ্ম লাশের ঘরে!
অধিকারের কথা বলতে গিয়ে মিছিলে নামে সোনার মেয়ে
রক্তে রাঙালো পিচ ঢালা কালো পথ,
বুক চিতিয়ে শির উচিয়ে, জীবন দিয়ে দেখালো হিম্মত।
রাজপথ কাঁপানো বাঘিনীরা আজ বড়ই শান্ত নিথর
কলিজা ছেঁড়া মাণিক হারিয়ে স্বজন হয়েছে পাথর।
মিছিলে মিছিলে ছেয়ে গেছে যেন বাংলার পথ-প্রান্তর
পাখির মত মরছে মানুষ, নেই বাঁচার অধিকার,
সমাবেশে ঝরছে বুলেট বৃষ্টি, আকাশে বোমার বাঁজ
সাঁজোয়া যানের দখলে ঢাকা, পড়েছে শতাধিক লাশ।
শহীদের খাতায় নাম লিখেছে বেরোবির আবু সাঈদ
সে পথ ধরেছে মুগ্ধ, জাবির, রাফি, সায়ন্তিকা…..
আজ শ্রাবণ গগন ঘিরে অভিমানী কালোমেঘ
অধিকারের নিশান উড়ছে স্ব-বেগে, শুধু নেই তোদের দেখা।
দুর্বৃত্তরা সুযোগ পেয়ে ঘোলাজলে ধরলো মাছ
রাষ্ট্রিয় সম্পদ ধ্বংস করলো এটা কি মানুষের কাজ!
সম্পদের মায়ায় শোকের মাতন,জীবনের মায়ায় নয়
সমস্ত সম্পদ বিলিয়ে দিলেও কি একটি জীবন হয়?
বৈষম্যের দূভেদ্য প্রাচীর ভেদিয়া বুক চেতিয়ে দাড়িয়েছে
সুউচ্চ করে শির, ওরা হিমালয় সম,
অনিয়মের সকল শৃঙ্খল ভাঙা বিদ্রোহী
অমর বিপ্লবী রণ-বীর।।












