Bunohash Banner

যুধিষ্ঠিরের ধর্মপুত্র।। নীলকণ্ঠ জয়

 

তোমরা বলছ বেশ্যাপাড়ায় আর যাবে না
বেশ্যারা হবে বিলুপ্ত!
নারীকে অবলীলায় অশ্লীল শব্দে হেয় করা ব্যক্তিটিরও
শোধনাগারে শব্দ হয়েছে শোধন,
বখাটের ডিকশনারি থেকে অশ্লীল বুলি আজ থেকে বিলুপ্ত!

নেশাগ্রস্ত তোমরাই বলছ মদ খাবে না,
কথায় কথায় জুয়ার আসর আর বসাবে না,
গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে সিটিও দেবে না!
তোমরা কথা দিচ্ছ আর কোনোদিন লুকিয়ে লুকিয়ে
সাইবার ক্যাফের ও’ মুখো হবে না!
ক্যাফেগুলো হবে জ্ঞানচর্চার জন্য উন্মুক্ত !

দিনশেষে হাসিমুখে বাসায় ফিরবে কন্যারা
বিপর্যস্ত পৃথিবী আবার হবে পবিত্র
তোমাদের এক কথাতেই রেলস্টেশন, হাট বাজার
শহর থেকে বন্দর, সবকিছুই হবে মাদক মুক্ত!

স্বাধীনতার পর থেকে আজও তোমরা কথা দিয়ে যাচ্ছ,
কথায় কথায়, মিটিং সেমিনারে শুদ্ধাচারের বুলি আওড়াচ্ছ!
অথচ,
তোমাদের ষড়যন্ত্রের ফসল হয়ে ফুলেফেঁপে উঠছে
কামিথাপুরী, দৌলতদিয়া!
তোমাদের হাতেই পুড়ছে বাঁশখালি, মালোপাড়া!
সহিংস তোমরাই নিভিয়ে দিচ্ছ রাষ্ট্রের যতোসব আশার প্রদীপ!

নারীর উষ্ণ প্রস্রবণে উন্মাতাল তোমরাই আবার-
ভোগের নারীর মুখে দুটো পয়সা ছুড়ে দিয়ে
‘বেশ্যা’ বলে সাধুসমাজে আসো ফিরে!
তারও অধিক পূর্ব থেকে নেশাগ্রস্ত তোমরা
নিজের বোনকে করছো উলঙ্গ!
জুয়ার আসরে বিবেককে বন্ধক রেখেছ সেই ত্রেতা যুগ থেকে!

অদ্ভুত, তাই না?
নৈতিকতার তামাক পোড়ানো ধোঁয়ার মাঝে
তোমরা নাকি একেকজন যুধিষ্ঠিরের ধর্মপুত্র!