Bunohash Banner

শিশুদের নিয়ে নান্দিকের চিত্রাঙ্কন উৎসব

ডেস্ক রিপোর্ট, যশোর।

শিশুদের সৃজনশীলতা ও শিল্পমনস্কতা বিকাশের লক্ষ্যে যশোরে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল চিত্রাঙ্কন আয়োজন। নান্দিক চারুকলা চর্চা কেন্দ্রের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) বিকাল ৪টায় যশোর পৌরপার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা অংশ নেয়। কাগজ ও রঙের মাধ্যমে তারা প্রকৃতি, সমাজ ও নিজস্ব কল্পনার জগৎকে তুলে ধরে। আয়োজকরা জানান, প্রতিযোগিতার পাশাপাশি শিশুদের শিল্পভাবনার প্রকাশই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজন প্রসঙ্গে নান্দিক চারুকলা চর্চা কেন্দ্রের কর্ণধার কৃষি গৌতম বলেন, “শিল্পচর্চা শিশুর ভেতরের মানবিকতা ও সংবেদনশীলতাকে জাগিয়ে তোলে। আজকের প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের রঙ ও রেখার সঙ্গে যুক্ত রাখাই এই উদ্যোগের উদ্দেশ্য।”

নান্দিকের সভাপতি অপু হাজরা বলেন, “শিশুদের আঁকায় শুধু ছবি নয়—তাদের ভাবনা, স্বপ্ন ও সময়ের প্রতিচ্ছবি উঠে আসে। এ ধরনের আয়োজন শিশুদের আত্মপ্রকাশের একটি নিরাপদ ও স্বাভাবিক ক্ষেত্র তৈরি করে।”

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মধ্যেও ছিল সন্তোষের অনুভূতি। অভিভাবক ফারহানা হালিম বলেন, “এই আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয়েছে এবং তারা নিজেদের মতো করে চারপাশকে বোঝার সুযোগ পেয়েছে।”
অপর অভিভাবক মিতা সাহা জানান, “শিশুরা এখানে এসে আনন্দের সঙ্গে শিল্পচর্চায় যুক্ত হতে পেরেছে, যা তাদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।”
কবি নীলকণ্ঠ জয় শিশুদের শিল্পচর্চা প্রসঙ্গে বলেন, “শিল্প শিশুর ভেতরের ভাষাকে প্রকাশের সুযোগ দেয়। আঁকার মধ্য দিয়ে শিশুরা যা বলে, তা অনেক সময় শব্দে বলা সম্ভব হয় না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তীর্যক যশোরের সভাপতি দীপংকর দাস রতন, শিল্পী সাদি তাইফ, কাজী এমদাদুল হক দুলাল, আফসানা জামান, স্বপন বিশ্বাস, ইকরা পিয়া, নদী, মৌমিতা হাসানসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

আয়োজকরা জানান, এই আয়োজনের ধারাবাহিকতায় আগামী ২৯ ও ৩০ জানুয়ারি যশোরের পোস্ট অফিস পাড়ায় নান্দিক চারুকলা চর্চা কেন্দ্রের কার্যালয়ে দুই দিনব্যাপী ৪০টি নির্বাচিত শিল্পকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কৃষি গৌতম বলেন, “এই প্রদর্শনীতে সকল শিল্পানুরাগী ও নগরবাসীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”