শ্যামল গাঁয়ের কাজলা মেয়ে।। নীলকণ্ঠ জয়
রুপোর মল পায়ে রুনুঝুনু ছন্দে
গৃহে ফিরছিল মেয়েটি,
ছোট্ট খোঁপায় ছিল বসন্তের ছোঁয়া আর
একগোছা বুনো ভাঁটফুল।
হাতভরা লক্ষ্মীকাঠের চুড়ি।
বাতাসে মহুয়ার ঘ্রাণ,
নবযৌবন তার বাঁধনহারা।
এক মুহূর্তের বাতাস এসে উড়িয়ে নিলো ওড়নাখানি তার!
ভীরু চোখে ইতিউতি চেয়ে লাজুকলতা পালিয়ে গেল পালিয়ে গেল দৃষ্টির ওপার!
বিস্ময়ে সম্মোহিত শহুরে ছেলেটি!
কংক্রিটের শহরে বেড়ে ওঠা হৃদয়ে আহা কী আকুতি!
জিজ্ঞেস করা হলো না তার-
‘ওগো লজ্জাবতী, নাম কী তোমার?
কোথায় গেলে হারিয়ে?
ওগো কনকলতা, ওগো শ্যামল গাঁয়ের কাজলা মেয়ে,
ঘাসের মতন অঙ্গে তোমার মাখিয়ে দেব জল!’












