তসবীর মহল এবং যশোর ইনস্টিটিউট
সিনেমা হলটি যশোরের ছোকড়া-বুড়ো সবাই চেনে। ‘এক টিকেটে দুই ছবি’/’কাটপিছ হল’ নামে বি[অ]খ্যাত । কিন্তু এই হলটি যশোরের সবচেয়ে পুরাতন। একসময় মনিহার হলের পাশাপাশি সুলভ মূল্যে এখানে ছবি দেখার জন্য মানুষের ঢল নামতো। বর্তমানে বি-সরকার ঘূর্ণায়মান নাট্যমঞ্চ।
এই হলের উল্টোদিকে রাস্তার অপর পাশেই বাংলাদেশের তিন নায়িকা ববিতা, কবিতা আর সুচন্দাদের বাড়ি। একবার এক সাক্ষাতকারে ববিতা বলেন,’ বাবার চোখ ফাঁকি দিয়ে এখানে ছবি দেখতাম হলের দেওয়ালের ফুটোয় চোখ রেখে।’
কালের পরিক্রমায় মানুষ যখন বাংলা সিনেমা থেকে চোখ ফিরিয়ে নিলো তখন রুচীশীলতার লেবাস সরিয়ে শুধুমাত্র হলটিকে টিকিয়ে রাখতে চালু হলো এক টিকেটে দুই ছবি বা সহজ ভাষায় বাংলা-ইংরেজি অশ্লীল ছবি। এতে ব্যাপক ফলও পেলো হল পরিচালনা পরিষদ। এখন এখানে নির্বিঘ্নে চলছে এসব ধরণের ছবি এবং সিনেমার ফাঁকে ফাঁকে একই সাথে চলে দেহ ব্যবসাও। একদল দালাল ফাঁদে ফেলছে উঠতি বয়সী তরুণদের ।

আসলে এমন ছিলো না এর শুরুটা। এই হলটি ঐতিহাসিক একটি সাক্ষ্য বহন করে। ইতিহাস সন্ধান করলে দেখা যায় যশোর ইনিষ্টিটিউট প্রতিষ্ঠাকালীন সময়েই প্রতিষ্ঠিত হয়েছিলো বি সরকার মেমোরিয়াল/ তসবীর মহল। ইতিহাস এরকম-
‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ উপমহাদেশে প্রথম প্রতিষ্ঠিত স্বল্প সংখ্যক গণপাঠাগারের একটি। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে যখন ইউরোপ আমেরিকায় গণপাঠাগার প্রতিষ্ঠার আন্দোলন প্রবল হয় তখন ভারত উপমহাদেশেও সে আন্দোলনের প্রসার ঘটে। যশোর পাবলিক লাইব্রেরি সে আন্দোলনেরই সফল ফসল। শত চড়াই উৎরায় পেরিয়ে শিক্ষা, সংস্কৃতি আর কৃষ্টি চর্চার লালন ক্ষেত্র হিসেবে এই গণগ্রন্থাগারটি অতিক্রম করেছে দেড় শতাব্দীকাল। যশোর শহরের প্রাণকেন্দ্রে বিশাল আয়তন জমির ওপর অবস্থিত এই প্রতিষ্ঠানটি এ সময়ের মধ্যে জন্ম দিয়েছে আরো অনেকগুলি জনকল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠানের। যশোর পাবলিক লাইব্রেরির পাশাপাশি যশোর টাউন হল বা আলমগীর সিদ্দিকী হল, টাউন ক্লাব, মুন্সি মেহেরুল্লা ময়দান বা টাউন হল ময়দান, স্বাধীনতার মঞ্চ বা উন্মুক্ত মঞ্চ, নিউ আর্য থিয়েটার বা ইনস্টিটিউট নাট্যকলা সংসদ, বি সরকার মেমোরিয়াল হল বা তসবীর মহল, ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথ লাইব্রেরি হল, বই ব্যাংক বা আঞ্চলিক কেন্দ্রীয় বই ব্যাংক ও পাবলিক লাইব্রেরির শিশু কিশোর বিভাগ এর মধ্যে অন্যতম। এই সমগ্র প্রতিষ্ঠান মিলে আজ এর নামকরণ হয়েছে যশোর ইনস্টিটিউট।















