শুদ্ধ ভালোবাসা নীরবে পথ হারায়।।জিনাত খানম শিলা
৩০ জুন, ২০২৪
অপ্রত্যাশিত ভাবে আজকাল ভাবনার উঠোনে আঁচড়ে পড়ে এক ঝাঁক বিষন্নতা !
মধ্য রাত্রিতেও জেগে থাকে আমার দুটি আঁখি
বিধ্বস্ত করে আমার নিঃসঙ্গ সময়কে, নৈঃশব্দ্যের ঝড়ের তাণ্ডবে গুড়িয়ে দেয় রাতের নিস্তব্ধতা!
জেগে ওঠে পরিচিত -অপরিচিত শব্দ পুঞ্জ,
মনের ডাইরিতে সাঁতার কাটে কবিতা,
আমি ভালোবাসার সামিয়ানায় জড়িয়ে রাখি ওদের পরম মমতায়!
সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো
ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে,
হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া…
তার নাম তো স্মৃতিই বটে!
তোমার সাথে আমার এমন হাজারো মুহূর্ত আছে,
যা নিঃসঙ্গ সময়কে রাঙিয়ে দেয়……..!!!
ভাবনার উঠোনে যখন পায়চারি করি
না বলা কথাগুলো কানের কাছে এসে গুণ গুণ করে কত কথা বলে যায়,
আমি ভাবতে থাকি পৃথিবীতে কত কিছু ঘটছে,
মানুষ কেমন যেনো অনুভূতি শূন্য হয়ে পড়েছে,
মানুষের মনস্তত্ত্বে ক্ষয় ধরেছে, মানুষ হয়েছে আত্মকেন্দ্রিক
নিজেকে ছাড়া আর কিছু ভাবতে পারে না ।
এই পরিবর্তন শুধুই সময়ের ধারাপাত ।
কোনো কোনো মানুষ এমন হয়,
তাঁরা এসব দেখে একদম ভালো থাকে না।
মনের মধ্যিখানে শুধুই জমতে থাকে কষ্ট আর দুঃখের গল্প,
আসলে আমরা মানুষেরা বড়ই অভিমানী হই।
ভালোবেসে ভালোবাসা না পাওয়ার অভিমান,
যন্ত্রণা আর কষ্ট আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে।
নিরবে নিভৃতে শুধু কাঁদতেই হয়।
অথচ সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না সে দুরন্ত গতিতে ছুটে চলে
এ যেনো সময়ের বিবর্তন।
সময়ের বিবর্তনের সাথে সাথে মানুষের মনোজগতে ও পরিবর্তনের ঢেউ লেগেছে,
মানুষের রুচিবোধের হয়েছে পরিবর্তন,
মানুষের মন মন্দিরে প্রবেশ করেছে আত্ম- অহমিকা , দাম্ভিকতায় মানুষ অন্ধ হয়ে পড়েছে।
মানুষের ভালোবাসায় ঘুণ ধরেছে!
তাই তো আজকাল শুদ্ধ ভালোবাসা নীরবে নিভৃতে শুধু কাঁদে…!!
(বুনোহাঁস-‘মেঘ মেদুর বরষা’ সংখ্যা)।













