সখ্যতা।। মো: আবু রায়হান
১৫ জুলাই, ২০২৪
সখ্যতার কোন পরিসীমা নেই,নেই কোন বয়সের পরিমাপক,
পথ চলতেই যদি মেলে সমীকরণ,তবেই তো হয়ে ওঠে সুহৃদ।
কত অজানা পথের বাঁকে, অচেনা মুখের সাথে
হয়েছে হৃদগ্রাহী মধুর আলাপন,
ক্ষনিকের পরিচয়ে বিপদের বন্ধু হয়ে
সহানুভূতির হাত দিলো বাড়িয়ে,
সেই তো আপনের আপন।
কত রক্তের বাঁধন ছিন্ন হয়, স্বার্থপরতায়
যাপিত জীবন নির্মম বড়ই, কঠিন বাস্তবতায়,
দৃষ্টিভঙ্গি এক রেখায় মেলে, প্রজ্ঞার আলোকছটায়,
তোমার আমার ভাগাভাগিটা সীমানা খুঁজে পায়।
পেশি শক্তির দৃড়তা ক্রমেই নমনীয় হয়ে আসে
ইন্দ্রিয়গ্রাহী কর্মযজ্ঞগুলো স্মৃতিপটে কেবলই ভাসে,
বন্ধুরা সব হারানো গিয়েছে শুকনো পাতার মত
সময় যেন সদা বর্ষাঋতু হারানো বসন্ত।
ফেলে আসা দিন রঙিন হয়ে স্মৃতির ক্যানভাসে ভাসে,
বিদগ্ধ হৃদয় সজীবতা খোজে, বারবার ফিরে আসে,
একই কক্ষপথে হেটেছে যারা আজ স্মৃতিময় গীতাঞ্জলী,
তাই ভাগাভাগি ফেলে হানা-হানি ছেড়ে,
আয় হাতে হাত রেখে চলি।
(বাদল বরিষণে/বুনোহাঁস সপ্তম সংখ্যা)













