Bunohash Banner

হারিয়ে যাওয়া গল্প।। নীলকণ্ঠ জয়

শহরের রোদমাখা কোনো এক বিকেলে
প্রথম দেখা তোমার আমার
ছিলো নীরব ভাষা, হৃদয়জুড়ে হাজারো কথা
জীবনের কোলাহল ছাপিয়ে নিস্তব্ধতা
সেই থেকে দুঃসাহসের গল্পের ছিলো শুরু
তোমার হাতখানি ধরেছিলাম হেটেছিলাম দীর্ঘ পথ
শহরের গলিতে বাইসাইকেলের চাকার ঘূর্ণনে উড়ছিল ধুলো,
তুমি আর আমি…আমরা উড়ছিলাম—
স্বপ্নের কোনো অচেনা দেশে।
তোমার খোলা চুলে লেগেছিল বাতাসের গান,
আমার হৃদয়ে তুমিই তখন একমাত্র প্রতিধ্বনি।

তুমি জানতে চেয়েছিলে, ‘একদিন আমার জন্য কবিতা লিখবে?’
আমি বলেছিলাম, ‘তোমার প্রতিটি হাসি কবিতা হয়ে যায়।’
তারপর দিনগুলো বেশ ছিল বইয়ের পাতায়,
তোমার নাম লেখা প্রথম পাতার উপহার হয়ে!
তোমার আঙুলের ছোঁয়া বইয়ের পাতায়
মায়ায় ভরা গল্প হয়ে বেঁচে ছিল।

বিনিদ্র রাতের মুঠোফোনে তোমার কণ্ঠ ছিল
পৃথিবীর সব সুরের ঊর্ধ্বে।
তোমার প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ক্ষণ
আমার রাত জাগা চোখে হয়ে উঠত এক পৃথিবী।
তুমি যখন বললে, ‘কী হবে আমাদের এই পথে?’
আমি বলেছিলাম, ‘তুমি থাকলেই পথ হবে আমাদের!’

কিন্তু, একদিন কিছু ভুল শব্দের পাহাড়
চাপা দিল আমাদের সেই স্বপ্নকে।
তোমার চোখে দেখেছিলাম ঝড়ের ছায়া,
আমার হৃদয় তখন জ্বলন্ত প্রান্তরের মতো।
আমাদের সাইকেলের সেই পথ
এক মুহূর্তে হয়ে গেল বাকি জীবনজুড়ে দীর্ঘ।

তুমি চলে গেলে, আর সেই শহর
রেখে গেল কেবল শূন্যতা।
আজও সাইকেলের চাকার শব্দ শুনলে মনে হয়,
তুমি বুঝি ঠিক পেছনেই আছো,
আমার নাম ধরে ডাকছো সেই আগের মতো।

তোমার হাতের উষ্ণতা,
তোমার মুঠোফোনে শোনা রাতের গান,
সবই রয়ে গেছে স্মৃতির গভীর বুকে।
তুমি নেই, তবু ভালোবাসার পথ
এখনো রোমাঞ্চের আলোর মতো জ্বলে।