Bunohash Banner

চিরচেনা মায়ের সংসার।। তাসনিয়া তানহা

১৫ জুলাই, ২০২৪

সেই ইতিহাস বলে সোনারোদে বাবার হাত ধরে
দুই ভাইবোন-ক্ষেতের আলের পাশে দাঁড়ানো,
পাট-ভাঙা পাজামা-পাঞ্জাবি পরা শুভ্রবসন বাবা,
রাতে মায়ের জর্দার মিহি দানায় পেস্তার ঘ্রাণ –
পুরোনো হয় না বাবার ন্যাপথলিনের ঘ্রাণে মাতোয়ারা উৎসব,
আমাদের কাঙ্ক্ষিত নতুন জামার কান্নায়-
মায়ের সেলাইমেশিন জেগে থাকে মধ্যরাত পর্যন্ত কমদামী গজ কাপড়ের নকশায়।

পলেস্টার কাপড়ের জামা হয়ে ওঠে মানিক্যখচিত চুমুতে অসামান্য।
আহা আনন্দ!
কোথায় লুকিয়ে আছে শৈশবের অতৃপ্ত রসনার স্বাদে।
আমরা দুই ভাই-বোন পাশাপাশি বেড়ে ওঠা এক খাটে, খুনসুটি নেই –
অভিমান হারিয়ে গেছে সব সময়ের সাথেই।
আমাদের সব আনন্দ এভাবেই নিয়ে চলে গেছে কেউ!

মায়ের রসুই ঘরের কোণে লুকিয়ে এখন কিছুই খেতে হয় না –
মা খাবার নিয়ে উঠানে দাঁড়িয়ে থাকে,
দুই ভাই-বোন এক সাথে খেতে বসে না দুই যুগ।
খাবার ফ্রিজে দীর্ঘদিন, ভালো খাবারে বড্ড অরুচি।
জর্দা-পায়েসেও নেই আর জিভে লাগা অমৃত স্বাদ।

আমরা ভালো নেই আর…
আমাদের ঈদ নেই, পার্বণ নেই, উৎসব নেই বলে।

(বাদল বরিষণে/বুনোহাঁস সপ্তম সংখ্যা)