Bunohash Banner

বলতে মানা।।আযাহা সুলতান

বলি না
বলব না
সত্য—তিক্তসত্য বলতে মানা
চোখকান খোলা রাখছি
খোলাই চলছি হাটেবাজারে
দেখছি আলো-আঁধারের কারবার
দ্বিপ্রহরে
দিবালোকে ন্যায়ের বাটকারায় চলছে অন্যায়ের বেচাকেনা
দেখেও দেখি না
দেখব না।

সবকিছু দেখতে নেই।

চোখের সামনে লুঠ হচ্ছে দুনিয়া
রায়ত্ব—রাজত্ব চলছে বাটপারের
কালো মেঘে ছেঁয়ে গেছে শুভ্রতার আকাশ
লাগামহীন দৌড়ছে ঘোড়দৌড়ের মাঠে স্বার্থের রাজনীতির ঘোড়া
পেছনে তো বহু পেছনে পড়ে আছে সততার কচ্ছপ
হাজার বছরেও দৌড়ে ধরতে পারবে না বিজলির খরগোশ
এক উদ্ভট উটের পিঠে সওয়ার দেশ
করছে সফর।

সত্য বলতে নেই—মাথার খুলি বাঁচাতে হবে।

হীরের খনির পাহারায় চোরের দল—ডাকাতের লস্কর
অনেক কিছু বলতে মানা
তাই বলি না
বলব না
বাস্তব ও বাস্তবতা বলতে গেলে ছিঁড়ে যাবে ঝুলন্ত রশি
ফেঁসে যাবে আদর্শের চাকা
ফাঁসি হবে নিরীহের
মিথ্যের কাঁটাতারে আটকে ঝুলবে সত্য
প্রশ্রয় পেয়ে যাবে অত্যাচারীর চাবুক
সত্য বলব না
বলতে মানা।

কিছু কিছু সত্য কালোকাফনে দাফন আছে—থাক—বুকের কবরে।

চোখের সামনে লুঠ করে নাও লুঠেরা
দেখেও দেখব না
অন্ধ হয়ে—বন্ধ করে চোখ হাতাড়াব রাস্তা
লাঠিকে শাসনে বলব, ওদিকে ভুলেও যেয়ো না—চেয়ো না
টেবিলের নিচের লুঠপাট হচ্ছে? হোক
সততার বেচাকেনা চলছে? চলুক—
সত্য বলো না
বলতে মানা।