Bunohash Banner

বৃষ্টি।। শীলা প্রামাণিক

আকাশ জুড়ে মেঘ করেছে ঝরবে হঠাৎ বৃষ্টি
মনের শহর ভিজিয়ে নেব জানলায় রাখি দৃষ্টি।

তপ্ত দুপুর গড়িয়ে এবার নামল শান্তি বৃষ্টি
বৃষ্টি ভেজা এমন প্রহর কার না-লাগে মিষ্টি!

রিম ঝিমঝিম বৃষ্টি ঝরে দীর্ঘ খরার শেষে
মনের শহর ভিজিয়ে দিলো জল রঙের ওই বেশে।

রোদে পোড়া বৃক্ষরাজি ভিজল সুখের জলে
পাখ-পাখালি হাসছে দেখো আপন কলকলে।

বৃষ্টি এলো মিষ্টি সুরে, সঙ্গে হাওয়া বয়
ময়ূর নাচে ওই-যে দূরে, ঝিঁঝিরা গান গায়।

বিজলি রাণীর রূপের ঝলক ঝরছে থেকে থেকে
জুড়ায় আমার দৃষ্টি-পলক সুখের বৃষ্টি গায়ে মেখে।

দূর আকাশে রামধনু ওই উঠল এবার হেসে
জ্যোৎস্নাবানে রাতের আকাশ যাচ্ছে যেন ভেসে।

থেমে থেমে পাতার নাচন দেখছি চেয়ে চেয়ে
কোথায় ছিল রূপটি ওগো মেঘের দেশের মেয়ে!

এমন মধুর বৃষ্টি তুমি যেয়ো না-গো থেমে
দীর্ঘশ্বাসের পাহাড় ধসে, বৃষ্টির জল নেমে।