শুভজন্মদিন কিংবদন্তি হুমায়ুন ফরীদি
বাংলাদেশের অভিনয়-জগতের উজ্জ্বলতম শিল্পী ছিলেন হুমায়ুন ফরীদি। তিনি ছিলেন একাধারে একজন অভিনেতা, আবৃত্তিশিল্পী, লেখক এবং দার্শনিক। তাঁর সময়ে নিজস্ব অভিনয়ের জৌলুসে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আজ তাঁর ৭২ তম জন্মবার্ষিকী। ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে তাঁর প্রতি বুনোহাঁস পরিবারের বিনম্র শ্রদ্ধা।
হুমায়ুন ফরিদীর ভক্ত ও বুনোহাঁসেট পাঠকদের জন্য পুনঃপ্রকাশিত হলো তাঁর লেখা একটি কবিতা। নাম ‘ছায়া’। কবিতাটি মাসিক গণসাহিত্য পত্রিকার ১৩৮৫ সালের কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়।
ছায়া
হুয়ায়ুন ফরীদি
এই মাটি, মৃত্তিকার গান হঠাৎ হারিয়ে যায়
নিরাকার সন্ধ্যা বৃক্ষের ফোঁকড়ে বাঁধে বাসা
কুলবতী কালোবাউ নদীজলে ধুয়ে ফেরে বাসন-কোসন
হাওয়া কাঁপে হাওয়া, ঘাসের সান্নিধ্যে ঘুমোয়
বিন্দুজলে স্বচ্ছন্দে সংসার সুখ নীচে যত টুনীর পায়ের
একা একা কিশোরীর স্নেহ-ডোবা চোখে ভর করে
দুপুরের নির্জন ভীতি নিসহায় উনুনে পড়ে জল
আমার ঘরের পাশে লম্বিত সুপুরীর গাছ
তবুও অপেক্ষা ক’রে পাশে মেঘে মেঘে ভিজে যায় বেলা
এই নদী ভেজে কাক ঘাটে বাঁধা নৌকোর
সুশীল পাটাতন; উচ্ছিষ্ট কচুরীর ফুল।












