Bunohash Banner

বৃষ্টি বিলাস।। কামরুজ্জামান আজাদ

বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে
বৃষ্টি আমার তুমুল ভালো লাগে
বৃষ্টি যখন মিষ্টি সুরে
দৃষ্টি টানে তেপান্তরে
রিনিক-ঝিনিক বেহাগ তানে
জলসা বসায় ব্যাকুল প্রাণে
কাঁপিয়ে ভাবাবেগে।
আমার তখন বৃষ্টি ছুঁতে দারুণ ভালো লাগে।

বৃষ্টি আমার শরীর ছুঁয়ে
ক্লান্তিগুলো দেয় মুছিয়ে
পরম মায়ায় আলতো ছোঁয়ায়
বৃষ্টি মনের দুঃখ ধোয়ায়
মুষড়ে পড়ার আগে।
বৃষ্টিটাকে তখন আমার ভীষণ আপন লাগে।

বৃষ্টিকণা মুক্তোদানা
অল্পদামে যায়না কেনা
বৃষ্টি পাগল যে হয়েছে
এ স্বাদ শুধু সেই পেয়েছে
হৃদয় কুসুমবাগে।
ইচ্ছে আমার সবার যেন বৃষ্টি ভালো লাগে।

বৃষ্টিরে তুই তুমুল বেগে আয়
আমার মনের শুষ্ক জানালায়
দে ভিজিয়ে তপ্তদহনগুলো
ভাবনা যতো উড়ছে এলোমেলো
তোর ভয়ানক ঘূর্ণিছাঁটে
ওলট-পালট রাজ্যপাটে
সব ভাসিয়ে দে।
বিনিময়ে আমার মনের ভালোবাসা নে।

সত্যি আমি বলছি মনাবেগে
বৃষ্টি আমার ভীষণ ভালোলাগে।