আমাদের ঈশ্বর হতে চাওয়া, আমরা ঈশ্বর হতে পারিনি।। নীলকণ্ঠ জয়
তোমরা এসেছিলে দিল্লি থেকে
কখনো আবার নেমে এসেছিলে হিন্দুকুশ পর্বত মালা ডিঙিয়ে
সাত সাগর তের নদী পেরিয়ে এসে দিয়েছিলে দাসত্ব
কখনো আরব থেকে,কখনো হিব্রু থেকে
কখনো বণিকের বেশে, কখনো খড়গ হাতে
কখনো চেয়েছো আংরেজ বানাতে
কখনো আরবের ঝাণ্ডা দিয়েছো চাপিয়ে
কখনো বলেছ উর্দুই হবে তোর শেষ ঠিকানা!
আমার ঈশ্বর বিশ্বাস বারবার ধাক্কা খেয়েছে
আমি বারবার নত হয়েছি মিথ্যা বিশ্বাসে
পরিবর্তন হয়েছে আমার চেতনায়
আবার দাড়িয়েছি ঘুরে…
আমি…
আমরা…
সকলেই চেয়েছি ঈশ্বর হতে,
আমাদের ঈশ্বর হওয়া হয়ে ওঠা হয়নি কখনো
কারণ, মানুষ কখনো ঈশ্বর হয় না।
হাজার বছরের দাসত্ব ছাপিয়ে
সব হারিয়ে যা কিছু বেঁচে আছে
তা আমার জাত্যাভিমান
বাঙালি সত্ত্বা, আমার ভাষা, আমার পরিচয়!
এখানে আমার ঈশ্বর লাগে না,
কাঁটাতারের এপার ওপার, দেশ-দেশান্তরে
যেখানেই থাকি না কেন, এখানে আমি নত হই বারবার।












