Bunohash Banner

অবহেলার ঋণ।। আশরাফুল কবীর

 

জানালা খুলে দিও কোনো এক পৌষের কোলাহলে।
ইরেজারে মুছে দিও সবগুলো কাল্পনিক খসড়াচিত্র,
অযথা সব আঁকাআঁকি, কাটাকুটি পুরো পৃষ্ঠা জুড়ে
বিটোফেনের বিষাদময় করুণ আবাহনের সুরে।

নূতন কোনো পৃষ্ঠা বেছে নিও
প্রয়োজনে ব্যবহার করো সব নূতন রংপেন্সিল;
শিখে রাখা সব কলাকৌশল
ভেবো না, নূতন ছবি এসে যাবে অবলীলায়; তাই─
পুরোনো খেরোখাতার অচল হিসাবের মিলনমেলায়
বলো কী আসে যায়?

বসন্তে খোলস বদলিয়ে নিও কোনো এক অজুহাতে
চলে যেও ঘুরপথে নূতন অরণ্যের খোঁজে
অবসরে পূর্ণ করো শেষবেলার প্রয়োজন
ব্যতিব্যস্ত হয়ো চাতকী প্রাণে

ম্যাপল রাঙানো ধূসর রাস্তার বুকে
চুপি-চুপি এঁকে দিও শীতল পদচিহ্ন
ঝরাপাতার সাথে আবার কোনো একদিন
সময়ে কিংবা অসময়ে শুধো
অবহেলার ঋণ।