Bunohash Banner

পুরুষের ধূপছায়া।। নীলকণ্ঠ জয়

প্রতিটি পুরুষের জীবনে থাকা উচিত এক বুকছায়া,
যেখানে শুয়ে ক্লান্ত দুপুরেরা ঘুমিয়ে পড়ে;
একটা দু’হাত, যেখানে মুখ লুকিয়ে
প্রচণ্ড কান্না উথলে উঠতে পারে,
একটা আশ্রয়, যেখানে সব গোপন দীর্ঘশ্বাস
নিঃশব্দে মিলিয়ে যায় বাতাসে।

প্রতিটি পুরুষের জীবনে থাকা উচিত এক শিশিরস্নাত ভোর,
যাকে সন্তানের মতো দু’হাতে ধরে রাখা যায়,
যার গাল খামচে দেওয়া যায় শিশুসুলভ ছলাকলায়,
যার অভিমান জল হয়ে গলে যায়
একটা গভীর নীরব চুম্বনে।

প্রতিটি পুরুষের জীবনে থাকা উচিত একটা বিশাল সমুদ্র,
যার ঢেউয়ে সময়ের হিসেব মিশে যায় বালির মতো,
যার গভীরতা ছুঁতে উন্মুখ হয়ে থাকে প্রতিটা দিন,
যার তীরে দাঁড়িয়ে কিছু নিরবিচার মুহূর্ত কাটানো যায়,
একটা আইসক্রিম ভাগ করে খাওয়া যায়,
একটু পথচলা যায় হাত ধরে,
একটু বুকের কাছে টেনে
কপালে এক বিন্দু ভালোবাসা ছুঁইয়ে দেওয়া যায়।

প্রতিটি পুরুষের জীবনে থাকা উচিত এক উষ্ণ শীতের রাত,
যার কাছে গিয়ে ছোট ছোট আবদার করা যায়,
যার সাথে ঝগড়া জমে ওঠে শীতের কুয়াশার মতো,
আবার দু’হাতের উষ্ণতায় মিলে যায় সন্ধ্যার মৃদু আলোর মতো।
যে হাত বুলিয়ে দিতে জানে
শান্ত করে দিতে জানে দুঃসহ সমস্ত ক্লান্তি।

প্রতিটি পুরুষের জীবনে থাকা উচিত এক অদৃশ্য বাঁধন,
যে বেঁধে রাখে, অথচ শ্বাসরুদ্ধ করে না।
যার স্মৃতির গন্ধ, না থেকেও মনের গভীরে লেগে থাকে।
যার জন্য ব্যথা থাকলেও,
সেই ব্যথা সুখের মতো মিষ্টি হয়,
কারণ সব ব্যথা দুঃখের হয় না,
কিছু ব্যথা বেঁচে থাকারও হয়।